শুক্রবার ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ২ অক্টোবর ২০২৬

শুটিং সেটে আবারও দুর্ঘটনা, হাসপাতালে নুসরাত

শুটিং সেটে আবারও দুর্ঘটনা, হাসপাতালে নুসরাত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী নুসরাত বারুচার শুটিং ঘিরে আবারও দুর্ঘটনার খবর সামনে এসেছে। এবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে নতুন একটি প্রজেক্টের দৃশ্যধারণের সময় গুরুতর আহত হয়েছেন এই অভিনেত্রী। দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে আপাতত সেখানেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

নুসরাতের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ দেখা দিয়েছে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বালিতে নতুন একটি প্রজেক্টের শুটিং চলছিল। এ সময় শুটিং ফ্লোরে হঠাৎ দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েক দিন তাকে হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং তার আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

গত এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বালি ভ্রমণের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন নুসরাত। গুঞ্জন রয়েছে, টাইগার শ্রফের বিপরীতে একটি নতুন চলচ্চিত্রের শুটিংয়ের জন্যই সেখানে অবস্থান করছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ওই সিনেমার শুটিং সেটেই ঘটে দুর্ঘটনাটি।

তারকাবহুল এই প্রজেক্টে নুসরাত ও টাইগার শ্রফের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশমিনা রোশন ও এলভিশ যাদবের। তবে দুর্ঘটনাটি ঠিক কোন দৃশ্যের শুটিংয়ের সময় ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, শুটিং চলাকালে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ও শারীরিক সমস্যার মুখে পড়েছেন নুসরাত। ২০১৩ সালে ‘আকেলি’ সিনেমার শুটিংয়ের সময় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয়েছিল তাকে। পরে ‘ছোরি ২’ সিনেমার কাজ চলাকালে মুখে গুরুতর আঘাত পান এই অভিনেত্রী। এ ছাড়া ২০২১ সালে ‘লভ রঞ্জন’-এর শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়