‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’
ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইসরাইলকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বসবাসের অযোগ্য করে তোলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।
রোববার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে ইসরাইলকে এ হুঁশিয়ারি দেন ইরানের এই জ্যেষ্ঠ আইনপ্রণেতা।
পোস্টে ইব্রাহিম আজিজি বলেন, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে এর পরিণতি হবে ভয়াবহ। এমন পরিস্থিতিতে ইসরাইলের দখলকৃত অঞ্চলগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে এক ঘণ্টারও কম সময় লাগবে বলে দাবি করেন তিনি।
নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে আজিজি বলেন, ‘জেনে রাখুন, আমাদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে, দখলকৃত অঞ্চলগুলোকে (ইসরাইল) বসবাসের অযোগ্য করে তুলতে এক ঘণ্টারও কম সময় লাগবে।’
তার ওই পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করা হয়েছে। ছবিটিতে ইসরাইলি শাসনের বিভিন্ন অবকাঠামো তুলে ধরা হয়েছে।



























