মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ২৭ অক্টোবর ২০২৬

জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবার মৃত্যু

জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবার মৃত্যু
ছবিঃ সংগৃহীত

জাপানের জনপ্রিয় মাঙ্গা সিরিজ ‘আশিতা নো জো’র স্রষ্টা তেৎসুয়া চিবা মারা গেছেন। 

মঙ্গলবার তার মৃত্যুর খবর জানিয়েছেন প্রকাশকরা। 

মৃত্যুকালে কিংবদন্তি এই মাঙ্গা শিল্পীর বয়স হয়েছিল ৮৭ বছর। সাত দশকের দীর্ঘ কর্মজীবনে খেলাধুলা, মানবিক আবেগ ও যুদ্ধ-পরবর্তী জাপানের সাধারণ মানুষের জীবনসংগ্রামকে নিজের সৃষ্টিতে তুলে ধরে বিশেষ পরিচিতি অর্জন করেন তিনি।

তেৎসুয়া চিবার মাঙ্গায় উঠে এসেছে বিভিন্ন খেলার তরুণ ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক বিকাশের গল্প। একই সঙ্গে যুদ্ধ-পরবর্তী জাপানের মানুষের দারিদ্র্য, হতাশা, আনন্দ ও আশাবাদের চিত্রও ফুটিয়ে তুলেছেন তিনি। গলফ, বক্সিং ও জাপানি মার্শাল আর্ট কেন্দো ছিল তার সৃষ্টিকর্মের অন্যতম বিষয়।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

১৯৬০-এর দশক থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত প্রকাশিত ‘আশিতা নো জো’ সিরিজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান চিবা। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র একজন সমস্যাগ্রস্ত তরুণ। কিশোর সংশোধনাগারে বক্সিং শেখার পর সে পেশাদার বক্সিংয়ে যোগ দেয়। এরপর একের পর এক রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এগিয়ে চলে তার জীবন।

শুধু বক্সিংয়ের গল্প নয়, ‘আশিতা নো জো’ একসময় জাপানের সংস্কৃতি ও জনপ্রিয় বিনোদনজগতে গভীর প্রভাব ফেলে। সিরিজটির গল্পে প্রধান প্রতিদ্বন্দ্বীর মৃত্যু হলে ভক্তরা বাস্তবের মতো তার শেষকৃত্যের আয়োজন করেন। কাল্পনিক একটি চরিত্রকে ঘিরে এমন আয়োজন সিরিজটির প্রতি মানুষের আবেগ ও ভালোবাসারই বহিঃপ্রকাশ ছিল।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিরিজটির জনপ্রিয়তা কমেনি। বয়স্ক ভক্তদের অনেকেই এখনো এর সংলাপ অনায়াসে বলতে পারেন। ‘আশিতা নো জো’ অবলম্বনে তৈরি হয়েছে জনপ্রিয় অ্যানিমে সিরিজ, চলচ্চিত্র, ভিডিও গেম, টেলিভিশন বিজ্ঞাপন ও মঞ্চনাটক।

সাত দশকের কর্মজীবনে সৃষ্টিশীল কাজের পাশাপাশি শিক্ষকতা ও সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন চিবা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করার পাশাপাশি জাপান কার্টুনিস্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন তিনি।

শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘অর্ডার অব কালচার’সহ বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই শিল্পী।

জাপানের বড় প্রকাশনা প্রতিষ্ঠান কোদাংশা গত ৪৬ বছর ধরে তরুণ মাঙ্গা শিল্পীদের ‘তেৎসুয়া চিবা পুরস্কার’ দিয়ে আসছে। নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করা এবং তাদের সৃজনশীল কাজের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এই পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এক বিবৃতিতে কোদাংশা জানায়, পেশাদার শিল্পী হওয়ার পথে অসংখ্য নবীন মাঙ্গা শিল্পী চিবার উপদেশ ও দিকনির্দেশনা অনুসরণ করেছেন। তাদের অনেকেই বর্তমানে মাঙ্গা শিল্পে সক্রিয় রয়েছেন। গত বৃহস্পতিবার চিবার মৃত্যু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানটি আরও জানায়, মাঙ্গা জগতে তার অসামান্য অবদান অপূরণীয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়