রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই জুলাই সনদ : আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, লাগামহীন ক্ষমতার অপব্যবহার বন্ধ করে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। এই সনদের পরিবর্তনের বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এ সভার আয়োজন করে।
তিনি বলেন, এ অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী অধ্যয়নরত। তারা যদি প্রত্যেকে পাঁচজন মানুষকে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করেন, তাহলে মোট ছয় লাখ মানুষের সমর্থন নিশ্চিত করা সম্ভব। একইভাবে, এখানে থাকা এক লাখের বেশি কর্মকর্তা-কর্মচারী যদি আরও পাঁচজন করে মানুষকে অনুপ্রাণিত করেন, তাহলে আরও পাঁচ লাখ মানুষের মতামত যুক্ত হবে।
অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার যেন আর জাতির ঘাড়ে চেপে বসতে না পারে, কোনো ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে মানুষ যেন আর নিপীড়িত না হয়—সে জন্য জুলাই সনদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ৫৪ বছরে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে, তা অবহেলায় হারাতে দেওয়া যাবে না।



























