৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি: প্রেস উইং
সারা দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৫৩ দিনে সহিংসতার বিভিন্ন ঘটনা ঘটেছে ২৭৪টি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এসব ঘটনা ২০২৫ সালের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত ঘটেছে।
প্রেস উইংয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই সহিংসতার মধ্যে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ১৬টি, প্রার্থীর ওপর হামলা ১৫টি এবং হত্যাকাণ্ডের ঘটনা ৫টি। প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৮৯টি। এছাড়া অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ৩টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ৯টি, প্রচারণায় বাধা ২৯টি, নির্বাচন–সংক্রান্ত অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ১টি। অন্যান্য ধরনের সহিংসতার ঘটনা রয়েছে ৭০টি।
পূর্ববর্তী নির্বাচনের সঙ্গে তুলনা করলে দেখা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটে, যেখানে নিহত হন ১১৫ জন এবং আহত হন ৩১৫ জন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতার ঘটনায় নিহত হন ২২ জন এবং আহত হন ৭৮০ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৫৩৪টি সহিংসতার ঘটনায় নিহত হন ৬ জন এবং আহত হন ৪৬০ জন।



























