ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলার কারণেই গোপনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, “যারা পেছন থেকে ষড়যন্ত্র করছে, তারা পেছনেই পড়ে থাকবে। আমরা ক্ষমতায় এলে নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা দিয়ে মাথার ওপর তুলে রাখব।”
সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার পৌর শহরের বাহারছড়ায় মুক্তিযোদ্ধা (গোলচক্কর) মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশের সর্বস্তরে ইনসাফ কায়েম করা হবে। ন্যায় প্রতিষ্ঠাই হবে তাদের সরকারের প্রধান লক্ষ্য। সব অপরাধ ক্ষমাযোগ্য হলেও ‘জুলাই হত্যাকাণ্ডের’ বিচার অবশ্যই নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী একটি নতুন বাংলাদেশের স্বাদ পাবে। আমরা সরকার গঠনের সুযোগ পেলে নারীদের জন্য মাস্টার্স পর্যন্ত বিনা খরচে পড়ালেখার সুব্যবস্থা করা হবে। ইনসাফের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল কাজ।”
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ বা ২০২৪ সালের নির্বাচনের মতো নয়। এটি ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন এবং জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পূরণের নির্বাচন।



























