বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫, ৮ অক্টোবর ২০২৬

“চক্ষু স্বাস্থ্যে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সরকার”

“চক্ষু স্বাস্থ্যে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সরকার”
ছবি: সংগৃহীত

দেশের চক্ষুস্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও সহজলভ্য করতে আগামী পাঁচ বছরে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার। এ উদ্যোগের আওতায় দেশজুড়ে বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন, ১ কোটি চশমা বিতরণ এবং প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে জানিয়েছে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনের কনফারেন্স রুমে আইএনজিও ফোরাম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের (এনআইওঅ্যান্ডএইচ) যৌথ উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এম এ মুহিত বলেন, দেশের চক্ষুস্বাস্থ্যের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে সরকার ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই অর্থের মাধ্যমে দেশব্যাপী চক্ষু চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, সরকারের এ উদ্যোগের মাধ্যমে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করা হবে। একই সঙ্গে প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনা হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ বিনিয়োগের অন্যতম লক্ষ্য। এ জন্য চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, চক্ষু সেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

দেশের স্কুল শিক্ষার্থীদেরও এ কর্মসূচির আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী চশমা প্রদানসহ অন্যান্য প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী দিনে চক্ষু স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির।

এ সময় আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন) এবং ওএসবির প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়