বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:১১, ৮ অক্টোবর ২০২৬

গ্যারান্টি ক্লজসহ নতুন গঙ্গা পানি বণ্টন চায় বাংলাদেশ: এ্যানি

গ্যারান্টি ক্লজসহ নতুন গঙ্গা পানি বণ্টন চায় বাংলাদেশ: এ্যানি
ছবি: সংগৃহীত

শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজনীয় পানি নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজসহ ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তি চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘রিথিংকিং ওয়াটার ফিউচারস: ইয়ুথ লিডারশিপ, জাস্টিস অ্যান্ড কো-অপারেশন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় আরও দীর্ঘমেয়াদি এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাসহ নতুন চুক্তির দিকে এগিয়ে যেতে চায় সরকার।

তিনি বলেন, ‘১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ এ বছরই শেষ হচ্ছে। বর্তমান চুক্তি শুধু নবায়ন না করে বাংলাদেশ সরকার নতুন বা সংশোধিত চুক্তি চায়। এতে বাংলাদেশের প্রয়োজনীয় শুষ্ক মৌসুমের পানি নিশ্চিত করতে গ্যারান্টি ব্যবস্থা থাকা গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এটি খুবই গুরুত্বপূর্ণ।’

এ্যানি বলেন, ‘আমাদের নতুন একটি চুক্তির দিকে এগিয়ে যাওয়া উচিত। এটি হতে হবে দীর্ঘমেয়াদি এবং এতে অবশ্যই গ্যারান্টি ক্লজ থাকা বাঞ্ছনীয়।’

তিনি বলেন, ‘আমাদের সরকারের নীতি হলো জনগণের স্বার্থ ও দেশের জাতীয় স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে যেকোনো চুক্তি করা।’

১৯৯৬ সালে স্বাক্ষর হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে।

এ্যানি বলেন, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন একটি ব্যবস্থা চূড়ান্ত করার লক্ষ্যে বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে নিয়মিত কাজ করছে।

তিনি বলেন, ‘আমরা আশাবাদী এ পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে ১২ ডিসেম্বরের আগেই চুক্তিটি সম্পন্ন করা সম্ভব হবে।’

মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান অগ্রাধিকার হবে ১৯৭৭ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মতো একটি গ্যারান্টি ব্যবস্থা ফিরিয়ে আনা।

তিনি বলেন, পাঁচ বছর মেয়াদি ১৯৭৭ সালের চুক্তিতে একটি গ্যারান্টি ক্লজ ছিল। তবে ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের কোনো ব্যবস্থা রাখা হয়নি।

সেমিনারে দেওয়া বক্তব্যে এ্যানি বলেন, ‘এই সেমিনারে যেমন আলোচনা হয়েছে, ১৯৭৭ সালের চুক্তি ১৯৯৬ সালের চুক্তির চেয়েও শক্তিশালী ছিল।’

জনপ্রিয়