রাজধানীর ৪১৬ বছর, উৎসবে মেতেছে নগরবাসী
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে পুরান ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রায় ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নগরজীবনের নানা দিক তুলে ধরা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরভবনে গিয়ে শেষ হয়। এতে নগরবাসীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় ঢাকার ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্যবাহী খাবার, প্রাচীন যানবাহন এবং নগরজীবনের বিভিন্ন অনুষঙ্গ বড় বড় প্রতিকৃতি ও প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির এবং ঐতিহাসিক ঢাকা গেটের প্রতিরূপ স্থান পায়।
ঢাকার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বকেও শোভাযাত্রায় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা রানি ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, নিকোলাস পোগোজ, পরিবিবিসহ বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের আদলে সেজে শোভাযাত্রায় অংশ নেন।
এ ছাড়া পুরান ঢাকার বিখ্যাত খাবার বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতিও প্রদর্শন করা হয়। ঢাকার পুরোনো যাতায়াত ব্যবস্থার স্মৃতি তুলে ধরতে শোভাযাত্রায় স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকির মডেল স্থান পায়।
শোভাযাত্রা শেষে নগরভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, “ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, দায়িত্ববোধ ও মমত্ববোধ জাগ্রত করতেই এই আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, রাজধানীর সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরতে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী নগরবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ শোভাযাত্রা উপভোগ করেন। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।



























