বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ৭ সেপ্টেম্বর ২০২৬

ইস্টার্ন ব্যাংকের এমডিসহ ৯ কর্মকর্তাকে দুদকের তলব

ইস্টার্ন ব্যাংকের এমডিসহ ৯ কর্মকর্তাকে দুদকের তলব
ছবি: সংগৃহীত

বিভিন্ন ব্যাংক থেকে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে ২৬৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে ইস্টার্ন ব্যাংক পিএলসির এমডিসহ শীর্ষ ৯ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা গেছে, চট্টগ্রামভিত্তিক রপ্তানিকারক প্রতিষ্ঠান এএন্ডবি আউটওয়্যার লিমিটেড, নর্ম আউটফিট লিমিটেড ও কোল্ড প্লে স্কুল প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আবেদীনের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ ঋণ নিয়ে আত্মসাৎ এবং বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। বিষয়টি যাচাই করছে দুদক। এ বিষয়ে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-২-এর উপপরিচালক মো. রিয়াজ উদ্দিনসহ দুই সদস্যের একটি টিম কাজ করছে।

অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় জাল-জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণের পাশাপাশি ঋণের অর্থের ব্যবহার ও পরবর্তী লেনদেনেও অনিয়ম করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২৬৪ কোটি টাকা ঋণ নেওয়া, আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগটি অনুসন্ধান করছে দুদক।

এরই অংশ হিসেবে ইস্টার্ন ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ৪৩ কোটি টাকা আত্মসাতের বিষয়ে পৃথক অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সেই অনুসন্ধানের অংশ হিসেবেই ইস্টার্ন ব্যাংকের এমডিসহ শীর্ষ ৯ কর্মকর্তার বক্তব্য শোনার জন্য তাদের তলব করেছে দুদক।

এদের মধ্যে ইস্টার্ন ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার সঞ্জয় দাস, ইউনিট হেড আহসান জামান চৌধুরী, এরিয়া হেড মো. খুরশেদ উল আলম এবং সিনিয়র ম্যানেজার মেহের ফারজানাকে আজ দুদকে হাজির হতে বলা হয়েছে।

এ ছাড়া ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ের অ্যাসোসিয়েট ম্যানেজার মোয়াজ্জেম হোসেন সুমন, হেড অব করপোরেট রিস্ক উসমান রাশেদ মুয়ীন, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আবুল মাকসুদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখারকে আগামী ৯ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে।

এ ছাড়া প্রধান কার্যালয়ের ডিএমডি-করপোরেট ব্যাংকিং মো. ফখরুল আলমকেও গতকাল ৬ সেপ্টেম্বর হাজির হতে বলা হলেও তিনি উপস্থিত হননি বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়