শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ২৯ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যু

ময়নাতদন্তের আগে মন্তব্য নয় স্বরাষ্ট্রমন্ত্রী

ময়নাতদন্তের আগে মন্তব্য নয় স্বরাষ্ট্রমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সব তথ্য জানার পর এ বিষয়ে মন্তব্য করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ ময়নাতদন্ত ছাড়া মন্তব্য করা যাবে না। আমরা সব বিষয়ে জেনে তারপর মন্তব্য করব।”

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়া এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভঙ্গুর অবস্থা থেকে ধীরে ধীরে পুলিশ বাহিনী বর্তমান পর্যায়ে উন্নীত হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

বৃহস্পতিবার সকালে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তারা খবর পায়, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসছে।

খবর পেয়ে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাহসিফের মৃত্যুর কারণ সম্পর্কে ময়নাতদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়