বিমানবন্দরের নিরাপত্তাঝুঁকির সংবাদে বেবিচকের প্রতিবাদ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাঝুঁকি নিয়ে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটির দাবি, বিমানবন্দরের এয়ারসাইডে যানবাহন চলাচল ও ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) সংক্রান্ত কারিগরি বিষয়কে সামগ্রিক নিরাপত্তাঝুঁকি হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তব পরিস্থিতির যথাযথ প্রতিফলন নয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মো. কাউসার মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারসাইডে যানবাহন চলাচল ও ভিটিএস নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বেবিচকের মতে, ভিটিএস সংযোজন বিমানবন্দরের পরিচালনগত সুরক্ষা আরও জোরদার করার উদ্যোগ; এটি কোনো নিরাপত্তা ঘাটতির প্রমাণ নয়।
বেবিচক জানায়, বিমানবন্দরের এয়ারসাইড একটি সংরক্ষিত ও নিয়ন্ত্রিত এলাকা। সেখানে কোনো যানবাহনের অবাধে প্রবেশ বা ইচ্ছামতো চলাচলের সুযোগ নেই। অনুমোদিত যানবাহনগুলো নির্ধারিত নিরাপত্তাবিধি অনুসরণ করে চলাচল করে। বিশেষ করে রানওয়ে ও ট্যাক্সিওয়ের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
সংস্থাটির দাবি, এয়ারসাইডে যানবাহন সম্পূর্ণ নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে—এমন ধারণা সঠিক নয়। এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে কারিগরি বাস্তবতা ও যথাযথ তথ্য যাচাই করা জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিট কার্যক্রম চলমান রয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে উড্ডয়ন সুরক্ষাসংক্রান্ত একটি প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রমকে বিমানবন্দরের নিরাপত্তাসংকট হিসেবে উপস্থাপন করা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে।
বেবিচকের ভাষ্য, ‘বড় ধরনের নিরাপত্তাঝুঁকি’ কিংবা ‘অনিয়ন্ত্রিত যান চলাচল’-এর মতো শব্দ ব্যবহার করে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ দেশের এভিয়েশন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার আশঙ্কা তৈরি করে। জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও আন্তর্জাতিক বিমান চলাচলের মতো সংবেদনশীল বিষয়ে অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ দুঃখজনক বলেও উল্লেখ করা হয়।
সংস্থাটি গণমাধ্যমকে বিমান চলাচলসংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে সেফটি (পরিচালনগত নিরাপত্তা) ও সিকিউরিটি (সুরক্ষা)-এর পার্থক্য, কারিগরি বাস্তবতা এবং তথ্যের যথার্থতা যাচাইয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জনস্বার্থ, রাষ্ট্রের কল্যাণ ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে বেবিচক।



























