দুই মাসের সময় দিলেন ঢাকা ওয়াসাকে প্রতিমন্ত্রী
ঢাকা ওয়াসার সেবার মান উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, প্রকল্প পরিচালকদের কাজে ব্যর্থতা পাওয়া গেলে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে ওয়াসার বোর্ড বিলুপ্ত করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ‘আইনের সংশোধন এনে সারা বাংলাদেশ থেকে ওয়াসার বোর্ড উঠিয়ে দেওয়া হবে। এর কারণে আমাদের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে।’
শহরে পানির চাহিদা বাড়ার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প পানির উৎস ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ১৬ ইউনিয়নের প্রকল্পের কাজের গতি বাড়িয়ে দ্রুত শেষ করতে হবে। পাশাপাশি পূর্বাচল এলাকায় দ্রুত পানির নেটওয়ার্ক গড়ে তোলার ব্যবস্থা নিতে হবে।
ওয়াসার সেবার মান বাড়াতে রাষ্ট্রের কাছে অতিরিক্ত সহযোগিতা না চেয়ে গ্রাহকদের কাছ থেকে আদায় করা বিলের অর্থ যথাযথভাবে কাজে লাগানোর নির্দেশ দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিল পরিশোধের পর ঢাকাবাসীর পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।
দুই মাস পর আবারও ওয়াসা ভবন পরিদর্শনে আসার কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, এর মধ্যে কোনো প্রকল্প পরিচালকের কাজে ব্যর্থতা পাওয়া গেলে তাঁকে সরিয়ে দেওয়া হবে। দীর্ঘমেয়াদে কত জনবল প্রয়োজন এবং সেবার আওতা কতটা বাড়ানো দরকার, সে বিষয়ে কর্মকর্তাদের পরিকল্পনা জানাতেও নির্দেশ দেন তিনি।
ওয়াসার কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চলাফেরা ও খাদ্যাভ্যাস অনুসরণ করে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে দলীয় প্রভাব কমিয়ে মানুষের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে।
ঢাকা ওয়াসার অবৈধ পানির সংযোগ বা ‘চোরাই লাইন’ শনাক্ত করার নির্দেশও দেন প্রতিমন্ত্রী। এসব সংযোগের সঙ্গে রাজনৈতিক কর্মী বা স্থানীয় সন্ত্রাসীরা জড়িত থাকলে তাঁদের বিষয়ে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সবশেষে ঢাকাবাসীকে পানি ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মীর শাহে আলম। তাঁর মতে, পানির অপচয় কমলে গ্রাহকদের বিলের চাপ কমবে এবং ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থার ওপরও চাপ হ্রাস পাবে।



























