পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে নবীন কর্মকর্তাদের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা, ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও তা কোনোভাবেই যেন কর্মজীবনে প্রভাব না ফেলে।
রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে সদ্য যোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে যোগ দেওয়া কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশেই তাঁদের কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল।
কর্মজীবনে শৃঙ্খলা ও বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সার্ভিস লাইফে সব সময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস অনুসরণ করতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
তিনি বলেন, অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় পুলিশ ও আনসার সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। এ দুই বাহিনীর কর্মকর্তাদের অনেক সময় মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।



























