ব্রাজিল তারকার ৫ কোটি টাকার সম্পদ লুট
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো ঘিরে যখন ফুটবলপ্রেমীরা মেতে ছিলেন মাঠের লড়াইয়ে, তখন সেই ব্যস্ততার সুযোগ নিয়ে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওয়ের বাড়িতে হানা দেয় চোরেরা। ম্যাচ চলাকালে তাঁর বাড়ি থেকে মূল্যবান ঘড়ি, ব্যাগ ও গয়নাসহ প্রায় সাড়ে তিন লাখ ইউরো মূল্যের সম্পদ চুরি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বিলাসবহুল বাড়ির তৃতীয় তলার বাথরুমের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এরপর তাঁর ব্যক্তিগত শোবার ঘরে তল্লাশি চালিয়ে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় তারা। ম্যাচ শেষে বাড়িতে ফিরে চুরির বিষয়টি জানতে পারেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৫৩ হাজার ইউরো মূল্যের একটি রোলেক্স ঘড়ি এবং ১ লাখ ৭০ হাজার ইউরো মূল্যের একটি দামি রিচার্ড মিল ঘড়ি। এ ছাড়া প্রায় ১৫ হাজার ইউরো মূল্যের তিনটি শ্যানেল ব্যাগ, ২৫ হাজার ইউরো মূল্যের কার্টিয়ারের আংটি ও ব্রেসলেটসহ বেশ কিছু মূল্যবান গয়নাও খোয়া গেছে। সব মিলিয়ে চুরি হওয়া সম্পদের মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকার সমান।
ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, চুরির সময় বাড়িতেই ছিলেন মিলিতাওয়ের পরিবারের সদস্যরা। তাঁরা নিচতলায় বসে উপভোগ করছিলেন বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের জমজমাট লড়াই। অথচ বাড়ির ওপরের তলায় চোরেরা নির্বিঘ্নে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেলেও বিষয়টি টের পাননি পরিবারের কেউ।
স্পেনে তারকা ফুটবলারদের বাড়িতে চুরির ঘটনা অবশ্য নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে হাই-প্রোফাইল খেলোয়াড়দের বাসভবন লক্ষ্য করে এ ধরনের অপরাধের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। ২০২২ সালে বার্সেলোনার তৎকালীন ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং নিজ বাড়িতে সশস্ত্র ডাকাতির শিকার হন। ওই হামলায় তাঁর চোয়ালও ভেঙে গিয়েছিল।



























