রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ১ নভেম্বর ২০২৬

লালবাগে ছুরিকাঘাতে এক যুবক নিহত

লালবাগে ছুরিকাঘাতে এক যুবক নিহত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপ্লব ওরফে ফর্মা বিপ্লব (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

রোববার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল জানান, খবর পেয়ে লালবাগের শহীদনগর ৪ নম্বর গলির বায়তুল ফালা জামে মসজিদ রোড সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুপুর আড়াইটার দিকে লালবাগের শহীদনগর বায়তুল ফালা জামে মসজিদ রোড এলাকায় অজ্ঞাতনামা দুই-তিনজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকের বাঁ পাশে, বাঁ পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কবজিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে জানান এসআই।

নিহত বিপ্লব শহীদনগর ৬ নম্বর গলির নজরুল ইসলামের ছেলে। তিনি শ্মশানঘাট কেল্লার মোড় বাজারের একটি মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

জনপ্রিয়