ভারতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত , আটক ২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আরও দুজনকে আটক করেছে বিএসএফ।
নিহত ব্যক্তির নাম আসাদুল হক (৩৮)। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে। আটক দুজন হলেন একই গ্রামের মুস্তাকিন (৩৮) ও উদা চন্দ্র রায় (৩৫)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর আনুমানিক ১টা ৩৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে একটি বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত ব্যক্তিকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে জানা যায়, মো. আসাদুল হক একজন চিহ্নিত মাদক চোরাকারবারি এবং অবৈধ মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক ও মানবপাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
আটক মুস্তাকিন ইন্দ্রাইল গ্রামের আহেদ আলীর ছেলে। আর উদা চন্দ্র রায় একই গ্রামের মনশা চন্দ্র রায়ের ছেলে।
আজ রোববার আসাদুল হকের মরদেহ ভারতীয় পুলিশ দেশটির একটি মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে আজ (১৩ সেপ্টেম্বর) রোববার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।



























