শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ১২ নভেম্বর ২০২৬

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে দুর্ঘটনা ও হতাহতের এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাককে ধাক্কা দেন। এতে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। একপর্যায়ে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে দ্রুত সেই আগুন আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবাকর্মী এবং বিশেষায়িত দলগুলো কাজ করছে। আহত ৩০ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছাড়াও কয়েকজন বিদেশি রয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন।

সূত্র: আল জাজিরা

জনপ্রিয়