শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে পাচারের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

মিয়ানমারে পাচারের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় ৯৬০ বস্তা সারসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

সাব্বির আলম সুজন বলেন, শুক্রবার রাত ১টার দিকে মীরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন মীরসরাই।

অভিযান চলাকালে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় তিনজনকে আটক করা হয়। এ সময় ৯৬০ বস্তায় ৪৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়