শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
ছবি: সংগৃহীত

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

ডিএমপির অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী এই কথা বলল কেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’

সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের রাজপথের আন্দোলন নিয়ে কথা বলতে শোনা যায় তাকে।

ভিডিওতে একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তো এই ৩ দাবিতে অনবরত রাজপথে আছি, সরকার তো এই দাবিগুলো মানছে না। ১১ দল জোটটা এই দাবিগুলো করে যাচ্ছে, এই দাবিগুলো মানলেই তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়