জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। একই স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটকের কথাও জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয় থেকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে তাকে পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এর আগে জাসদের ওই কার্যালয়ে শতাধিক নেতাকর্মী অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন। পরে ঘটনাস্থলে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।
বিকেল ৪টার দিকে পুলিশ জাসদ কার্যালয়ের ভেতর থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যায়।
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে অনেককেই আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে আবু জাফর সূর্যের ফেসবুক আইডিতে হাতকড়া পরা অবস্থায় একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’



























