শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা

দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন। স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তিনজনের মরদেহ দেখতে পায় উদ্ধারকারী দল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

উদ্ধার হওয়া তিনজন হলেন—হেলাল উদ্দিনের ছেলে সজীব, মেয়ে সামিয়া ও ছোট ছেলে সামিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন ট্রলারে করে বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হন। নদীর মাঝপথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

ট্রলারডুবির পর আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হেলাল উদ্দিন ও তার তিন সন্তান সজীব, সামিয়া ও সামিন নিখোঁজ ছিলেন।

এরপর নিখোঁজদের সন্ধানে মেঘনা নদীতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। শনিবার সকালে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে তিনজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজন হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

জনপ্রিয়