ম্যানইউতে যেতে আগ্রহী মাতানোভিচ
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখছেন ফ্রাইবুর্গের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার ইগর মাতানোভিচ। ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের খবরের মধ্যে তাকে ওল্ড ট্রাফোর্ডে যেতে আলাদা করে রাজি করানোর প্রয়োজন হবে না বলেও দাবি করা হয়েছে।
২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মৌসুমে ফ্রাইবুর্গের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল করে নজর কাড়েন। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন তিনি। বুন্দেসলিগায় প্রথম চার ম্যাচে ৩ গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মাতানোভিচ।
তার ধারাবাহিক পারফরম্যান্সে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের নজর পড়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আর্সেনাল ও চেলসিও ক্রোয়েশিয়ান এই ফরোয়ার্ডকে অনুসরণ করছে বলে খবর রয়েছে। গ্রীষ্মের দলবদলে প্রায় ৩ কোটি পাউন্ডে তাকে দলে নেওয়ার সুযোগ ছিল বলে দাবি করা হয়েছিল। তবে তার বর্তমান বাজারমূল্য বেড়ে প্রায় ৫ কোটি পাউন্ডে পৌঁছেছে।
আক্রমণভাগে বিকল্প কম থাকায় মাতানোভিচকে নিয়ে ইউনাইটেডের আগ্রহ বিশেষ গুরুত্ব পাচ্ছে। গ্রীষ্মের দলবদলে নতুন কোনো স্ট্রাইকার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইংলিশ ক্লাবটি। কিন্তু জশুয়া জির্কজির পারফরম্যান্স এবং বেঞ্জামিন সেস্কোর সাম্প্রতিক চোটের কারণে জানুয়ারির দলবদলে আক্রমণভাগ শক্তিশালী করার প্রয়োজন তৈরি হতে পারে।
মাতানোভিচের নিজের কাছেও ইংল্যান্ডে খেলার সুযোগ বেশ আকর্ষণীয়। প্রিমিয়ার লিগের কোনো ক্লাব থেকে প্রস্তাব এলে সেটি বিবেচনা করতে প্রস্তুত তিনি। ইউনাইটেডের প্রতি আগ্রহ থাকলেও এখন পর্যন্ত তার ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এমনকি নির্দিষ্ট কোনো ক্লাবকে বেছে নেওয়ার বিষয়েও চুক্তি হয়নি।
এদিকে মাতানোভিচকে ছেড়ে দিতে হলে ফ্রাইবুর্গ বড় অঙ্কের অর্থ দাবি করতে পারে। ফলে জানুয়ারির দলবদলে তাকে পেতে চাইলে শুধু ইউনাইটেড নয়, আর্সেনাল ও চেলসির সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতায় নামতে হতে পারে।



























