যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রের সহায়তা এবং দুই দেশের সামগ্রিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক ও দেশটির সহায়তা কার্যক্রমের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য সহায়তা পায়নি। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের পরিধি বেড়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ, তেল, সয়াবিনসহ বিভিন্ন পণ্য ও কমোডিটি আমদানি করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জন্য অতিরিক্ত সহায়তা পাওয়া যৌক্তিক বলে মনে করছে সরকার।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেভাবে এগিয়েছে এবং দেশটি থেকে আমদানির পরিমাণ যেভাবে বাড়ছে, তাতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত। আলোচনায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষগুলো এ বিষয়ে সম্মতি জানিয়েছে। তবে সেই সহায়তা শেষ পর্যন্ত কীভাবে আসে, তা দেখার বিষয়।
তিনি বলেন, সরকারের অর্থনৈতিক নীতির মূল লক্ষ্য বিনিয়োগ বাড়ানো। ঋণের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ।



























