সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৩, ২ নভেম্বর ২০২৬

জাবিতে ’ল অ্যান্ড গ্লোবাল পলিটিক্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ’ল অ্যান্ড গ্লোবাল পলিটিক্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ল অ্যান্ড গ্লোবাল পলিটিক্স: অ্যাড্রেসিং পাওয়ার স্ট্রাকচার ইন ফর্মিং অ্যান্ড ডেভেলপিং ইন্টারন্যাশনাল ল’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আয়োজনে জহির রায়হান অডিটোরিয়ামে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আজ সোমবার (২ নভেম্বর) আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রবিউল ইসলামের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন ও এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। এ সময় আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক কে এম সাজ্জাদ মহাসীন ও হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সেমিনারে আন্তর্জাতিক আইন গঠনে ও উন্নয়নে ক্ষমতার কাঠামোর প্রভাব এবং এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান ‘ল অ্যান্ড গ্লোবাল পলিটিক্স’ এবং আন্তর্জাতিক আইন গঠনে ক্ষমতার কাঠামোর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, "আন্তর্জাতিক আইনের উৎসগুলো প্রথাগত আইনের মতোই হলেও যখন আমরা ক্ষমতার কাঠামোর বিষয়টি বিবেচনা করি, তখন তা মূলত কনভেনশন, কভেন্যান্ট ও চার্টারের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে।"
তিনি ইতিহাসের বিভিন্ন উদাহরণ টেনে বলেন, "ব্রিটিশ আমলে কলোনি হওয়া সত্ত্বেও ভারত কীভাবে লিগ অফ নেশনসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হয়েছিল, তা একধরনের ‘পাওয়ার পলিটিক্স’-এর ফল।" এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক রাজনীতি ও মানবিক কারণে সামরিক হস্তক্ষেপের (Humanitarian Intervention) বিষয়গুলো আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে কতটা তাৎপর্যপূর্ণ, তা তিনি প্রাতিষ্ঠানিক ও তাত্ত্বিক আলোচনার মাধ্যমে তুলে ধরেন।

প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মান মিছিল-মিটিং বা বিরোধিতার মাধ্যমে বিচার করা যায় না, বরং তা নির্ভর করে অ্যাকাডেমিক মান এবং সার্বিক প্রগতির ওপর। উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের সূচনালগ্ন থেকে নানা সংকট ও সীমাবদ্ধতা থাকলেও শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় বিভাগটি এগিয়ে চলেছে। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনীতি (Geopolitics) এবং কার্বন ট্রেডিংয়ের মতো সমসাময়িক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঠপর্যায়ে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রবিউল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।

সর্বশেষ

জনপ্রিয়