সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ২ নভেম্বর ২০২৬

জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা

জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা
ছবিঃ সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একইসঙ্গে মজুরি বোর্ডের কার্যক্রমে কোনো ধরনের বিলম্ব না করে দ্রুত ধারাবাহিক বৈঠকের মাধ্যমে মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছেন তারা। প্রয়োজনে সারারাত বৈঠক করেও সিদ্ধান্তে পৌঁছানোর কথা বলেছেন শ্রমিক প্রতিনিধিরা।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আক্তার।

তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। সে হিসাবে ২০২৬ সালের ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। তাই এবার যে মজুরিই নির্ধারণ করা হোক না কেন, তা যেন ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকেরা হাতে পান, সেটি তারা চান।

বাবুল আক্তার বলেন, “মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব চাই না। আগের মতো ১৫ দিন পরপর বৈঠক কিংবা কোনো প্রতিনিধি দেশে থাকবেন কি থাকবেন না, এসব অজুহাতে আলোচনা পিছিয়ে দেওয়া যাবে না। একটি বৈঠকের পর পরবর্তী বৈঠকের জন্য এক বা দুই দিন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যেতে হবে। প্রয়োজনে সারারাত বৈঠক করেও দ্রুত মজুরি নির্ধারণ করতে হবে।”

মজুরি বোর্ড গঠন প্রসঙ্গে তিনি বলেন, “আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠনের কথা থাকলেও বাস্তবে অনেক দেরিতে বোর্ড গঠন করা হয়েছে। অন্যদিকে শ্রমিকদের আন্দোলন দমাতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা ও সাধারণ শ্রমিকদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে।”

গ্রেফতার শ্রমিকদের দ্রুত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

শ্রমিকদের উদ্দেশে বাবুল আক্তার বলেন, “সবাইকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। কোনো ধরনের ঘোষণা ছাড়া আন্দোলন-সংগ্রামে না জড়ানোর জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।”

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন।

এ সময় তিনি অবিলম্বে মজুরি বোর্ডের সভা আহ্বানের দাবি জানান। আনোয়ার হোসাইন বলেন, “দ্রুত সভা আয়োজনের জন্য তারা চেষ্টা করবেন। আজ অথবা আগামীকাল শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে চিঠি দিয়ে মজুরি বোর্ডের সভা আহ্বানের উদ্যোগ নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ অন্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়