বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ১৪ অক্টোবর ২০২৬

ফুটপাতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর, যুবক আটক

ফুটপাতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর, যুবক আটক
ছবিঃ সংগৃহীত

ঢাকার ধানমন্ডি এলাকায় ফুটপাতে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগে খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

একই সঙ্গে মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকেও পদক্ষেপ না নেওয়ার অভিযোগে ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাইকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনা বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক খালিদ হাসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গত সোমবার দুপুরে ধানমন্ডি সাতমসজিদ রোডে বাংলাদেশ আই হাসপাতালের উল্টো দিকে এক ব্যক্তিকে মারধরের ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযানে নামে।

মারধরের শিকার ব্যক্তি শহীদ আবদুল্লাহ আল মাসুদ (৪৮) মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, আটক যুবককে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে এএসআই আবদুল হাইকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে শহীদ আবদুল্লাহর ওপর চড়-থাপ্পড়, লাথি ও কান ধরে ওঠবস করানোর ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত কেউ একজন দৃশ্যটি ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভুক্তভোগী তরুণী জানান, অপ্রীতিকর ঘটনার পর তিনি তাঁর স্বজনকে ডেকে আনেন। তবে সে সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের কাছে সহায়তা চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

জনপ্রিয়