বার কাউন্সিলের সিদ্ধান্ত
৩৫ বছরের পর আর নতুন আইনজীবী হওয়া যাবে না
এখন থেকে ৩৫ বছর বয়সের পর কেউ আর নতুন করে আইনজীবী হতে পারবেন না। আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ আগস্ট বার কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে এলএলবি অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বার্থ বিবেচনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০ তারিখ থেকে কার্যকর হবে।
এছাড়া আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে।



























