২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মনিরুজ্জামান প্রায় ২৯ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে আগামী ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন। তাঁর অবসর উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় অতিরিক্ত আইজিপি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন পুলিশ কর্মকর্তারা। সভাপতির বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, মো. মনিরুজ্জামান দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের মর্যাদা বাড়িয়েছেন। তিনি তাঁর অবসর-পরবর্তী সুন্দর পারিবারিক জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।
বিদায়ী অতিরিক্ত আইজিপি মো. মনিরুজ্জামান সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবসর-পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চান।
মো. মনিরুজ্জামান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে সর্বশেষ তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ টেলিকম সংস্থায় দায়িত্ব পালন করেন।
কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ছয়টি আইজিপি ব্যাজ অর্জন করেছেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন দুইবার।
ব্যক্তিজীবনে মো. মনিরুজ্জামান বিবাহিত। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী তাপতুন নাসরীন পুলিশ সদর দপ্তরে ডিআইজি (হেডকোয়ার্টার্স) হিসেবে কর্মরত রয়েছেন।



























