মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ২৭ অক্টোবর ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার কোনো ধরনের বেআইনি হত্যাকাণ্ডকে সমর্থন করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সাজা বা আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হয়। বেআইনিভাবে কাউকে হত্যা করে নয়।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো সরকার যদি বিচারবহির্ভূতভাবে মানুষকে হত্যা করে, তাহলে সেই রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, বরং মাস্তানে পরিণত হয়। অতীতে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা রাষ্ট্রকে মাস্তানে পরিণত করেছিল। বর্তমান সরকারের রাতের আঁধারে নির্বাচন করে ক্ষমতা ধরে রাখার কোনো কুমতলব নেই। তাই রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ সরকার করবে না।

প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, কাগজে-কলমে আদেশ দেওয়া হলেও কোনো বেআইনি নির্দেশ পালন করতে তারা বাধ্য নন।

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আইজিপি পুলিশ সদর দপ্তরের মাধ্যমে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং এর ফলে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করেছেন। এ বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফেরার পর তিনি নিজেই বিবেচনা করবেন।

সর্বশেষ

জনপ্রিয়