স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যাপক লুটপাট করেছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ১৮ কোটি টাকা ব্যয়ে কেনা এমআরআই মেশিন এখন ভাঙারিতে পরিণত হয়েছে। এসব মেশিন বিক্রি করে বাদাম কিনে খেতে হবে।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় জনবল তৈরি না করেই কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন যন্ত্রপাতি কিনেছে। একজন চিকিৎসককেও প্রশিক্ষিত করেনি, পর্যাপ্ত নার্স নিয়োগ দেয়নি, বাড়ায়নি হাসপাতালের শয্যা সংখ্যাও। লোকবল না থাকা সত্ত্বেও টাকা আত্মসাতের উদ্দেশ্যে মেশিন কেনা হয়েছে। পরে সেগুলো ফেলে রাখা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা এখন রেডিওথেরাপির মেশিন আনছি। তবে তার আগেই প্রয়োজনীয় জনবল প্রস্তুত করে ফেলেছি। কিন্তু তারা (আওয়ামী লীগ সরকার) তা করেনি।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, খুলনায় ১৮ কোটি টাকার এমআরআই মেশিন ফেলে রাখা হয়েছে। বাংকার ছাড়া এমআরআই মেশিন স্থাপন করা যায় না। প্রয়োজনীয় বাংকার না থাকা সত্ত্বেও শুধু টাকা খাওয়ার জন্য মেশিন আনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকারের স্বাস্থ্য খাতের পরিকল্পনা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। ডায়ালাইসিস মেশিনের সংখ্যাও বাড়ানো হচ্ছে।



























