বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:০১, ২৮ অক্টোবর ২০২৬

দেশি মাছের উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেয়া হয়েছে: মৎস্যমন্ত্রী

দেশি মাছের উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেয়া হয়েছে: মৎস্যমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়ানো ও বিলুপ্তপ্রায় প্রজাতি পুনরুদ্ধারে হাওর, বাওড়, নদীনালা ও সমুদ্রে মাছের অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২৬) ও পরিকল্পনা প্রণয়ন (২০২৬-২৭)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে পরিচালিত কার্যকর গবেষণার ফলেই বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। চাষের মাছের উৎপাদন, গুণগত মান ও খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন ও মানুষের অসচেতনতার কারণে প্রাকৃতিক মাছের প্রজননক্ষেত্রগুলো ধ্বংসের মুখে পড়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এ সংকট মোকাবিলায় চলতি বছর থেকেই বড় বাজেট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

গবেষক ও বিজ্ঞানীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশি মাছের প্রজনন, জাত উন্নয়ন এবং হারিয়ে যেতে বসা বিভিন্ন প্রজাতি পুনরুদ্ধারে গবেষণা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, মাছের রোগ প্রতিরোধ এবং মানসম্মত পোনা উৎপাদন নিশ্চিত করতে হবে। উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে আইন প্রয়োগের সঙ্গে জনসচেতনতাও বাড়াতে হবে।

জনপ্রিয়