বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ৩১ অক্টোবর ২০২৬

রাতের নির্বাচনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না বিএনপি : শাহে আলম

রাতের নির্বাচনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না বিএনপি : শাহে আলম
ছবিঃ সংগৃহীত

আমরা বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিএনপি সবসময় জনগণের সরকার প্রতিষ্ঠা এবং জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী।

শনিবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। 

সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডই বিন্দুমাত্র বরদাশত করা হবে না।

উপনির্বাচনের ফলাফল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে।

বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, অনৈতিক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করা রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। সরকারের কোনো ব্যর্থতা কিংবা লোডশেডিংয়ের মতো সমস্যা দেখা দিলে প্রধানমন্ত্রী জাতীয় সংসনে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এটিই বিএনপির সততা এবং অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের মূল পার্থক্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাসের সুবিধা নিশ্চিত করা, প্রাথমিক চিকিৎসাসেবা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিএনপি।

সর্বশেষ

জনপ্রিয়