মিরপুরে পুলিশের বিশাল বহর, জলকামান-সাঁজোয়া যান মোতায়েন
পোশাকশ্রমিকদের আন্দোলন দমনে ঢাকার মিরপুরে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কয়েকশ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে সেখানে। আনা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।
পোশাকশ্রমিকদের টানা দুই দিনের বিক্ষোভ সংঘর্ষের পর আজও সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করেন শ্রমিকরা। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
সকাল থেকে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পুলিশ সদস্যরা। তারা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আছেন।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রোজিনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “পোশাকশ্রমিকরা আজকেও রাস্তায় নামার চেষ্টা করছে। আমাদের অফিসাররা সকাল থেকে মাঠে আছে।”
এদিকে শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।



























