সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ২ নভেম্বর ২০২৬

ডিসেম্বর নিয়ে একটি হাইপ তৈরির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বর নিয়ে একটি হাইপ তৈরির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বর নিয়ে একটি হাইপ তৈরির চেষ্টা চলছে। পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করতেই এমন প্রচারণা চালানো হচ্ছে। শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা আজই দেশে ফিরলে তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিক সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক, খুনি, গণহত্যাকারী ও ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ তার দোসরদের দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে আবেদন জানানো হয়েছে। সাজাপ্রাপ্ত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার কাজ করছে। শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা আজই দেশে ফিরলে তাদের আইনের আওতায় আনা হবে। আদালতের রায় অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “ডিসেম্বর নিয়ে একটি হাইপ তৈরির চেষ্টা চলছে। পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করতেই এমন প্রচারণা চালানো হচ্ছে। ডিসেম্বর, নভেম্বর কিংবা নির্দিষ্ট কোনো তারিখকে কেন্দ্র করে কেউ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারবে না।”

ডিসেম্বর নিয়ে মানুষের মধ্যে ভয় আছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। বিজয়ের মাস উপলক্ষে সরকারের বিভিন্ন কর্মসূচি থাকবে। আমরা চাই, দণ্ডপ্রাপ্ত ও ফ্যাসিবাদী আসামি এবং মাফিয়া শক্তি যেখানেই থাকুক, যেখানেই আশ্রয় নিক, তারা যেন দ্রুত দেশে ফিরে আসে। তাদের আইনের আওতায় আনা হবে এবং তারাও যেন সুবিচার পান, সেটি নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “ডিসেম্বর হোক, ফেব্রুয়ারি হোক কিংবা নভেম্বর কোনো সময়েই অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।”

এদিকে শ্রমিক আন্দোলনের নামে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “একটি পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিক ভাই-বোনদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। সড়ক-মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।”

এ ধরনের কর্মকাণ্ডে কিছু শিল্পমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সম্পৃক্ততার তথ্য সরকারের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়