সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ১৫ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

এদিকে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়