সেনাবাহিনীতে রদবদল, নতুন দায়িত্বে সাত মেজর জেনারেল
বাংলাদেশ সেনাবাহিনীতে রদবদলের অংশ হিসেবে সাত মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিন ব্রিগেডিয়ার জেনারেলকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানান সাংবাদিক জুলকারনাইন সায়ের।
তার দেওয়া তথ্য অনুযায়ী, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ১১ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল তৌহিদ। অন্যদিকে বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল মাসিহুরকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।
পদাতিক ডিভিশনগুলোর অধিনায়ক পদেও পরিবর্তন আনা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে মেজর জেনারেল সাজেদকে ৭ পদাতিক ডিভিশনের অধিনায়ক করা হয়েছে। এ ডিভিশনের বর্তমান অধিনায়ক মেজর জেনারেল রাজিকে ৫৫ পদাতিক ডিভিশনে বদলি করা হয়েছে।
এ ছাড়া ৫৫ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল হাফিজ এবং ১৯ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
জুলকারনাইন সায়েরের পোস্টে আরও বলা হয়, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল ইমানি ও ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। তাদের মধ্যে ইমানিকে ১১ পদাতিক ডিভিশন এবং মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের অধিনায়ক করা হয়েছে।
অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল রাজুকেও পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাকে ন্যাশনাল ডিফেন্স কলেজে সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে এসব পরিবর্তনের বিষয়ে সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করে প্রতিবেদনটি হালনাগাদ করা যাবে।



























