সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ১৫ নভেম্বর ২০২৬

কারিগরি শিক্ষার সংকট নিরসনে দুই মন্ত্রীকে একসঙ্গে বসানোর দাবি

কারিগরি শিক্ষার সংকট নিরসনে দুই মন্ত্রীকে একসঙ্গে বসানোর দাবি
ছবিঃ সংগৃহীত

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হেলথ টেকনোলজি ও হেলথ টেকনিশিয়ানদের প্রশিক্ষণ, সনদ ও চাকরিসংক্রান্ত জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে এ বিষয়ে জটিলতা চলছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ছাড়া এর সমাধান সম্ভব নয়।

জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে মনিরুল হক চৌধুরী বলেন, কারিগরি শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় অনেক প্রশিক্ষিত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংকটে পড়েছে। এ সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে একসঙ্গে ডেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের বক্তব্যের প্রসঙ্গ টেনে মনিরুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর নিয়মিত সাক্ষাতের সুযোগ রয়েছে। তাই এতদিনে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা উচিত ছিল। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার দৃষ্টি আকর্ষণ করছি—রক্ষা করেন আমাদেরকে। কারিগরি শিক্ষা বন্ধ হয়ে গেছে।’

এর আগে সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হেলথ টেকনোলজি ও হেলথ টেকনিশিয়ান বিষয়ে প্রায় ২৫ হাজার টেকনোলজিস্ট এবং ২০ হাজার টেকনিশিয়ানকে প্রশিক্ষণ ও সনদ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব জনবল বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেন।

মন্ত্রী বলেন, ২০১৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের অধীনে চাকরি পাবেন না। এরপর বিষয়টি নিয়ে মামলা হয়, যা দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ২০১৮ সালে মামলার পরবর্তী পর্যায়ে হাইকোর্ট থেকে স্বাস্থ্য খাতের সবকিছু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে ‘ওয়ান আমব্রেলা’ ধারণার আওতায় রায় আসে।

শিক্ষামন্ত্রী আরও জানান, দেশের ২৩টি মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু এসব কার্যক্রমের মধ্যে সমন্বয় ও সামঞ্জস্যের অভাব রয়েছে। ফলে এ খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম একটি সমন্বিত কাঠামো বা ‘আমব্রেলা’র অধীনে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, দুই মন্ত্রণালয়ের বাজেট থেকে অর্থ ব্যয় হলেও শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে ৫৩৫টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, মেডিকেল টেকনোলজির প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং অন্যান্য কারিগরি শিক্ষার কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ শিক্ষা গ্রহণকারীদের কর্মসংস্থানের সুযোগ তুলনামূলক বেশি। অথচ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেও অনেককে বেকার থাকতে হচ্ছে। তাই কারিগরি শিক্ষাকে অবহেলা না করে শিক্ষানীতিতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আপনার হস্তক্ষেপ ছাড়া এটা সমাধান হবে না। আপনার দুই মন্ত্রীকে একসঙ্গে ডেকে দয়া করে তাদেরকে কোর্স দেন, আর না হলে এটা সিদ্ধান্ত আপনি দেন। আমরা কারিগরি শিক্ষা চালু চাই, শিক্ষানীতিতে কারিগরিরা প্রাধান্য চাই।’

মাদ্রাসা শিক্ষাসহ সব ধারার শিক্ষায় কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত শিক্ষানীতি প্রণয়নেরও দাবি জানান এই সংসদ সদস্য।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে তাঁর একটি গবেষণাপত্র রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে করা ওই গবেষণায় কারিগরি শিক্ষার উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করা হয়েছে। ২৩টি অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের প্রয়োজনীয়তার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে।

মন্ত্রী আরও জানান, চলতি বাজেটে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এ খাতের উন্নয়নে কাজ চলছে। পরে স্পিকার শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে অবহিত করার অনুরোধ জানান।

জনপ্রিয়