বাহাত্তরের সংবিধানে স্বৈরতন্ত্রের বীজ বপন হয়েছে: আখতার
৭২–এর সংবিধানে স্বৈরতন্ত্রের বীজ শেখ মুজিবুর রহমানকে সামনে রেখেই বপন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানে স্বৈরতন্ত্রের বীজ বপন হয়েছিল।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রবেশের সময় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, বাহাত্তরের সংবিধানের মূল নীতির সঙ্গে বিএনপির অনেক কিছু সাংঘর্ষিক। দলীয় নীতিতে যতটুকু যায়, বিএনপি ততোটুকুই মানতে চায়, বাকিটা মানতে চায় না।
সংবিধান সংশোধনের জন্য সরকার যে কমিটি গঠনের কথা বলেছে সেটিতে বিরোধীরা যাবেন না। তবে সংবিধান সংস্কারের জন্য সরকার কোনো কমিটি গঠনের প্রস্তাব দিলে সেটি তারা ভেবে দেখবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি তাদের সুবিধামতো সংবিধান সংশোধন করতে চায়, যা জুলাইয়ের আকাঙ্ক্ষাবিরোধী। সরকারের প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটির কোনো আইনি ভিত্তি নেই এবং এমন কোনো কমিটির প্রস্তাব বিরোধীরা মেনে নেবেন না।



























