শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা, ধাক্কা দেওয়া হয় ছেলেকেও
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারার ক্ষোভ থেকে নিউইয়র্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা করেছেন তার দলের কয়েকজন নেতাকর্মী। এ সময় শামা ওবায়েদের ছেলে এগিয়ে এলে তাকেও ধাক্কাধাক্কির শিকার হতে হয়।
শুক্রবার বাংলাদেশ সময় ভোররাতে নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় শামা ওবায়েদ হোটেলের লিফটে ছিলেন। বাইরে তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন প্রবাসী বাংলাদেশি শামা ওবায়েদকে উদ্দেশ করে গালাগাল করছেন। একপর্যায়ে পেছন থেকে তাকে মারার কথা বলতেও শোনা যায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শামা ওবায়েদের ছেলে সামনে এগিয়ে এসে বলেন, ‘আমার মা এইটা।’ এ সময় তাকে কেউ একজন ধাক্কা দেন বলে ভিডিওতে দেখা যায়। পরে এক নারীও পেছন থেকে তাকে ধাক্কা দিতে থাকেন।



























