মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৮:৩১, ১০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন: রাশেদ খাঁন

আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন: রাশেদ খাঁন
ছবিঃ সংগৃহীত

ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

একই সঙ্গে বাড়ির মালিকদের ভাড়াটিয়াদের বিষয়ে সতর্ক থাকার এবং সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনার তথ্য প্রশাসনকে জানানোর অনুরোধ করেছেন তিনি।

তিনি বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন। আজকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্পটে চলন্ত বাসে আওয়ামী দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শেখ হাসিনার নির্দেশনায় ওরা মানুষ পুড়িয়ে মারার খেলায় নেমেছে।”

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন এসব কথা লেখেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গণপ্রতিরোধের নেতৃত্ব দিতে সারাদেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই। আগামী ৩ মাস চোখ-কান খোলা রেখে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে। রাজনৈতিক স্বার্থের খেলায় জামায়াত-এনসিপি মাঠে নামবে না ধরে নিয়েই জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী শক্তিকে জনগণকে সাথে নিয়ে অগ্রসর হতে হবে।”

“তথ্য অনুযায়ী, সারাদেশ থেকে আওয়ামী লীগের পলাতক অপরাধীরা ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরসহ বড় শহরগুলোতে আশ্রয় নিয়েছে। বাড়ির মালিকদের প্রতি অনুরোধ করবো, আপনার বাসায় কারা ভাড়া থাকে, ভাড়াটিয়াদের বাসায় অপরিচিত সন্দেহজনক ব্যক্তির আনাগোনা বাড়ছে কি না, সেই তথ্য প্রশাসনকে অবহিত করুন।”

তিনি আরও লেখেন, “এছাড়া আওয়ামী লীগের কোনো পলাতক আসামির কাছে বাসা ভাড়া দেবেন না। সমাজিক সম্প্রীতির কথা চিন্তা করে ওদের প্রতি এতোদিন নমনীয়তা দেখানোকে ওরা দুর্বলতা মনে করেছে। কিন্তু আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই।”

জনপ্রিয়