শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

নতুন ক্লাবে অভিষেকেই বেনজেমার হ্যাটট্রিক

নতুন ক্লাবে অভিষেকেই বেনজেমার হ্যাটট্রিক
ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হলো করিম বেনজেমার হাত ধরে। নাটকীয় দলবদলের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আল-হিলালের জার্সিতে প্রথম ম্যাচেই নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন ফরাসি তারকা। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে তিনি বুঝিয়ে দিলেন—বয়স শুধু একটি সংখ্যা, ফর্ম এখনো আগের মতোই ভয়ংকর। তার দুর্দান্ত পারফরম্যান্সে আল-ওখদুদের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পায় আল-হিলাল।

আল ইত্তিহাদ ছেড়ে সোমবার সৌদি প্রো লিগের বর্তমান শীর্ষ দল আল-হিলালে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন বেনজেমা।

তবে এই দলবদল সহজ ছিল না। সৌদি ক্রীড়া মন্ত্রণালয় ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) আপত্তির কারণে শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে ছিল বিষয়টি। ডেডলাইন ডে-তে সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত নিজের পছন্দের ক্লাবে যাওয়ার সুযোগ পান ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আল-ওখদুদের মাঠে বৃহস্পতিবার আল-হিলালের হয়ে অভিষেকেই গোলের খাতা খুলতে বেনজেমার লেগেছে মাত্র ৩১ মিনিট।

ব্যাক-হিল ফিনিশে নিজের জাত চিনিয়ে দেন সাবেক ফ্রান্স তারকা। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে মালকমের বাড়ানো বল থেকে সাইড-ফুটেড শটে করেন দ্বিতীয় গোল। চার মিনিট পর কাছ থেকে বল জালে জড়িয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

এই জয়ে ৬-০ ব্যবধানে জিতে লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরও শক্ত করেছে আল-হিলাল।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, আল ইত্তিহাদের দেওয়া চুক্তি নবায়নের প্রস্তাব নিয়ে অসন্তুষ্ট ছিলেন বেনজেমা। নিজেকে অসম্মানিত মনে করায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে পিআইএফের তত্ত্বাবধানে আল-হিলালে তার যোগ দেওয়া নাকি ভালোভাবে নেননি রোনালদো।

সূত্র জানায়, বেনজেমার দলবদল ঠেকানোর চেষ্টা করেছিলেন পর্তুগিজ সুপারস্টার। তার ধারণা, আল-হিলালকে শিরোপার পথে এগিয়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পিআইএফ।

প্রতিবাদস্বরূপ সোমবার আল-নাসরের হয়ে খেলতেও অস্বীকৃতি জানান রোনালদো।

সর্বশেষ