মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

খুকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬

খুকৃবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

খুকৃবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
ছবিঃ প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউসি)-এর উদ্যোগে গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক এই কর্মসূচি আয়োজিত হয়।

আইকিউসির ভারপ্রাপ্ত পরিচালক ড. এম এ হান্নানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আসাদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খুকৃবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, "উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে সফট স্কিল, নৈতিক মূল্যবোধ ও বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটাতে হবে, যেখানে ওবিই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে।"

উপাসার্চ প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জোর দিয়ে বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে দক্ষিণাঞ্চলের কৃষি খাতে তৈরি হওয়া চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম প্রণয়ন জরুরি। খুকৃবিকে আধুনিক ও মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।"
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহেদ রেজা। প্রশিক্ষণটিতে খুকৃবির শিক্ষকসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও গবেষকগণ অংশ নেন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ওবিই কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে।

জনপ্রিয়