বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
ক্যারিয়ারের ব্যস্ত সময়েই হঠাৎ কর্পোরেট দুনিয়ায় পা রেখে আলোচনায় এসেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তমা মির্জা। একের পর এক সফল সিনেমা ও ওটিটি কাজের মাধ্যমে যখন নিজের অবস্থান শক্ত করছেন, ঠিক তখনই একটি বেসরকারি ব্যাংকে যোগ দিয়ে চমকে দেন এই চিত্রনায়িকা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্ট ঘিরে ফের আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তমা মির্জা। ছবিগুলো প্রকাশের পরপরই তা নজর কেড়েছে ভক্ত ও নেটিজেনদের। ছবিতে কালো রঙের ওপর বর্ণিল ফুলের নকশা করা পোশাকে স্নিগ্ধ ও প্রাণবন্ত লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।
ছবিতে তমার পরনে ছিল ফ্লোরাল প্রিন্টের পোশাক। কপালে ছোট কালো টিপ, কানে মানানসই দুল আর ঠোঁটে মিষ্টি হাসি তাঁর সাজে যোগ করেছে আলাদা মাত্রা। খোলা চুলে বারান্দার একটি চেয়ারে বসে সামনে রাখা কফির কাপ নিয়ে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
তবে ছবির পাশাপাশি তমার দেওয়া ক্যাপশনও কম আকর্ষণ তৈরি করেনি। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’
তমার এই পোস্ট প্রকাশ্যে আসার পরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। তাঁর আবেগঘন কথার সঙ্গে নিজেদের অনুভূতির মিল খুঁজে নিয়েছেন অনেকেই।
এক ভক্ত মন্তব্য করেন, ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেক অনুরাগীর ভাষ্য, ‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’
এভাবেই ছবি ও ছোট্ট এক ক্যাপশনের মধ্য দিয়ে আবারও ভক্তদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তমা মির্জা।



























