বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতে কঠিন শর্ত ওলিসের

বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতে কঠিন শর্ত ওলিসের
ছবি: সংগৃহীত

মাইকেল ওলিসেকে বায়ার্ন মিউনিখে দীর্ঘমেয়াদে ধরে রাখতে বড় অঙ্কের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে জার্মান ক্লাবটি। ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আন্তর্জাতিক বিরতির পরই আলোচনায় বসতে যাচ্ছে বায়ার্ন। তবে চুক্তি নবায়নে ওলিসের পক্ষ থেকেও এসেছে গুরুত্বপূর্ণ শর্ত—নতুন চুক্তিতে অবশ্যই থাকতে হবে নির্দিষ্ট অঙ্কের রিলিজ ক্লজ।

বর্তমানে ২০২৯ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তিবদ্ধ ওলিসে। তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে ২০৩২ সাল পর্যন্ত করার পরিকল্পনা করছে ক্লাবটি। একই সঙ্গে তার বার্ষিক বেতন ১৪ মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে ২৫ মিলিয়ন ইউরো করার প্রস্তাব দেওয়ার প্রস্তুতিও চলছে। প্রস্তাবিত নতুন বেতন আগামী গ্রীষ্ম থেকে কার্যকর হতে পারে।

তবে মোটা অঙ্কের বেতনই ওলিসেকে চুক্তিতে রাজি করানোর জন্য যথেষ্ট নাও হতে পারে। তার প্রতিনিধিদের অন্যতম প্রধান দাবি হলো, নতুন চুক্তিতে একটি নির্দিষ্ট অঙ্কের রিলিজ ক্লজ রাখতে হবে। অথচ ওলিসের বর্তমান চুক্তিতে এ ধরনের কোনো শর্ত নেই।

নতুন চুক্তিতে রিলিজ ক্লজের পরিমাণ কত হবে, সেটিও এখনো নির্ধারিত হয়নি। তবে জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এর অঙ্ক ২০০ মিলিয়ন ইউরোরও বেশি হতে পারে। এমন শর্ত যুক্ত হলে ওলিসেকে ঘিরে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের আগ্রহও নতুন করে আলোচনায় আসতে পারে।

রিলিজ ক্লজের সঙ্গে অবশ্য ওলিসের পরিচয় নতুন নয়। ক্রিস্টাল প্যালেসে থাকাকালীন তার চুক্তিতেও এমন একটি শর্ত ছিল। ২০২৪ সালে সেই ক্লজ কাজে লাগিয়েই ৫৩ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভেড়ায় বায়ার্ন। এবারও নতুন চুক্তিতে একই ধরনের নিশ্চয়তা চান ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ওলিসেকে নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায় বায়ার্নও। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবের্ল জানিয়েছেন, আগামী গ্রীষ্মের মধ্যেই ওলিসে বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী কি না, সে বিষয়ে পরিষ্কার ধারণা পেতে চায় ক্লাব।

মাঠের পারফরম্যান্সই বায়ার্নের এই আগ্রহের অন্যতম বড় কারণ। চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছেন ওলিসে। সাত ম্যাচে তার নামের পাশে রয়েছে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট। এমন পারফরম্যান্সের পর তার বাজারমূল্য ১৭০ মিলিয়ন ইউরো বলে উল্লেখ করা হয়েছে।

ওলিসেকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহ অবশ্য বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে লিভারপুলও। তবে এখন পর্যন্ত কোনো ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসার খবর পাওয়া যায়নি। ফলে আপাতত সবার নজর বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ওলিসের অবস্থানের দিকে। বেতন বৃদ্ধি, দীর্ঘমেয়াদি চুক্তি এবং রিলিজ ক্লজ—এই তিন বিষয়েই শেষ পর্যন্ত কী সমঝোতা হয়, সেটিই এখন দেখার বিষয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়