সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক সোফি মলিনোর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিতম্বের সংযোগস্থলে চোট পাওয়ায় আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাকে পাওয়া নাও যেতে পারে।

মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া নারী ন্যাশনাল ক্রিকেট লিগে (ডব্লিউএনসিএল) ভিক্টোরিয়ার স্কোয়াডে জায়গা হয়নি মলিনোর। এর পরদিন বুধবার বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘সোফির নিতম্বের সংযোগস্থলে চোট আছে। আসন্ন সিরিজে তার অংশগ্রহণ নিয়ে পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।’

মলিনোর ক্যারিয়ারে অবশ্য চোটের সমস্যা নতুন নয়। সাম্প্রতিক সময়ে পিঠের চোটও ভুগিয়েছে তাকে। চলতি বছরের শুরুতে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ওই চোট তার পথ আটকে দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে তখন কেবল ব্যাটার হিসেবে দলের সঙ্গে ছিলেন তিনি।

পরে পুরোপুরি সুস্থ হয়ে অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরেন মলিনো। তার নেতৃত্বেই শিরোপা জেতে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সফরের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ফলে মলিনো যদি বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারেন, তাহলে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব বর্তাবে দুই সহঅধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা অথবা অ্যাশলে গার্ডনারের ওপর।

মলিনোর অনুপস্থিতিতে এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন ম্যাকগ্রা। তবে পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি একাদশে নিয়মিত জায়গা করে নিতে পারেননি।

অন্যদিকে, আগস্টে নারী দলের আরেক ক্রিকেটার জর্জিয়া ভোলের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর বিবাহবিচ্ছেদের মধ্যেও গার্ডনার ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডের সমর্থন পেয়েছেন। তাই মলিনো খেলতে না পারলে নেতৃত্বের দায়িত্ব গার্ডনারের কাঁধেই পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়