সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ৫ অক্টোবর ২০২৬

রেকর্ডের নেশাই কেইনকে অন্যদের চেয়ে আলাদা করে: টুখেল

রেকর্ডের নেশাই কেইনকে অন্যদের চেয়ে আলাদা করে: টুখেল
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের হয়ে একের পর এক মাইলফলক স্পর্শ করে চলেছেন হ্যারি কেইন। দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ড ও অর্জনের তাড়নাও তাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিচ্ছে বলে মনে করেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল।

মঙ্গলবার ওয়েম্বলিতে চেকিয়ার বিপক্ষে মাঠে নামলেই জাতীয় দলের জার্সিতে ১২৫তম ম্যাচ পূর্ণ হবে কেইনের। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিল্টনের রেকর্ডে ভাগ বসাবেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড অবশ্য এরই মধ্যে নিজের করে নিয়েছেন কেইন। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৭-০ গোলের জয়ে জোড়া গোল করে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা নিয়ে গেছেন ৮৯-এ। এবার চেকিয়ার বিপক্ষে মাঠে নামলেই শিল্টনের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা পুরুষ ফুটবলার হওয়ার আরেকটি মাইলফলক স্পর্শ করবেন তিনি।

কেইনের এমন ধারাবাহিকতার পেছনে ব্যক্তিগত অর্জনের ক্ষুধাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন টুখেল। তার মতে, বিশ্বমানের স্ট্রাইকারদের অন্যদের থেকে আলাদা করে দেয় তাদের এই মানসিকতা।

টুখেল বলেন, ‘আমি মনে করি, বিশ্বের সব নাম্বার নাইনই একটু অন্যভাবে তৈরি। তারা শুধু চায় না তাদের দল জিতুক, তারা নিজেদের জন্যও করে, রেকর্ডের জন্যও করে। আমি কত গোল করতে পারি, কত অ্যাসিস্ট করতে পারি, লিগের সর্বোচ্চ গোলদাতা কে, কাকে আমাকে পেরোতে হবে, পরের রেকর্ড কোনটি—এসব ভাবনা তাদের তাড়িয়ে বেড়ায়।’

বিশ্বমানের কোনো গোলদাতার মধ্যে এমন ব্যক্তিগত লক্ষ্য না থাকাটা প্রায় অসম্ভব বলেও মনে করেন টুখেল। তার মতে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই তাড়নাই একজন খেলোয়াড়কে প্রতিনিয়ত আরও ভালো করার জন্য চাপ দেয়।

কেইনকে উদাহরণ হিসেবে তুলে ধরে ইংল্যান্ড কোচ বলেন, ‘এমন মানের কোনো গোলদাতা আপনি পাবেন না, যার এমন ব্যক্তিগত লক্ষ্য নেই এবং যা তাকে নিজের সীমায় ঠেলে দেয়। এটাই তাকে তাড়িত করে। হ্যারি এভাবেই তৈরি।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়