রোববার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ৮ নভেম্বর ২০২৬

টানা দুটি গোল্ডেন বুটসহ একগাদা রেকর্ড মেসির

টানা দুটি গোল্ডেন বুটসহ একগাদা রেকর্ড মেসির
ছবিঃ সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন লিগের গোল্ডেন বুট। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

সদ্য শেষ হওয়া মৌসুমে গোলসংখ্যার দিক থেকে মেসির ধারেকাছেও ছিলেন না প্রতিদ্বন্দ্বীরা। ২২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন এফসি ডালাসের পিটার মুসা। আর ২১ গোল করে তৃতীয় হয়েছেন ন্যাশভিলের স্যাম সুরিজ। তাদের পেছনে ফেলে ২৬ গোল নিয়ে গোল্ডেন বুট নিজের করে নেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।

শুধু গোল করেই নয়, আক্রমণভাগের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানেও শীর্ষে রয়েছেন মেসি। প্রতি ম্যাচে গোলের হিসাবে প্রথম (০.৮৭), মোট গোল অবদানে প্রথম (৪৩) এবং এক ম্যাচে একাধিক গোল করার হিসাবে যৌথভাবে শীর্ষে (৬)। এ ছাড়া প্রতি ৯০ মিনিটে গোল করার পরিসংখ্যানে ০.৯১ গড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি।

মেসির এবারের কৃতিত্বের বিশেষ দিক হলো, ২৬ গোলের মধ্যে ২৫টিই করেছেন পেনাল্টি ছাড়া। মাত্র একটি গোল এসেছে স্পটকিক থেকে। এমএলএসের ইতিহাসে এক মৌসুমে পেনাল্টি ছাড়া গোল করার হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকার শীর্ষেও রয়েছেন মেসি নিজেই। ২০২৫ মৌসুমে পেনাল্টি ছাড়া ২৮ গোল করেছিলেন তিনি।

২০২৫ সালে ২৯ গোল করা মেসি এবারও ২৫ গোলের বেশি করেছেন। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ২৫ গোল করার কীর্তি গড়েছেন তিনি।

গত তিন মৌসুমের পরিসংখ্যানেও মেসির দাপট স্পষ্ট। এই সময়ে লিগে তার গোলসংখ্যা ৭৫। তিন মৌসুম মিলিয়ে গোল করার হিসাবে এটি এমএলএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। পাশাপাশি টানা তিন মৌসুমে অন্তত ২০টি করে গোল করেছেন তিনি। লিগের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন মেসি ও ২০২৩ সালের গোল্ডেন বুটজয়ী ডেনিস বোয়াঙ্গা (২০২৩-২৫)।

গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও অনন্য মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ৪০টি করে গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন তিনি। ২০২৬ মৌসুমে তার গোল অবদানের সংখ্যা ৪৩। এক মৌসুমে সর্বোচ্চ গোল অবদানের তালিকায় এটি তৃতীয় সর্বোচ্চ।

সব মিলিয়ে শেষ তিন মৌসুমে মেসির গোল অবদান দাঁড়িয়েছে ১২৭। এমএলএসের ইতিহাসে এই সময়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এভান্ডারের গোল অবদান ৯৮। অর্থাৎ প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৯ গোলে এগিয়ে থেকে লিগে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়