ইতালি ম্যাচের আগে এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় ফ্রান্স
ইতালির বিপক্ষে নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফ্রান্স শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। বুধবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নেননি রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। সতীর্থদের সঙ্গে মাঠে না নেমে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকায় বৃহস্পতিবারের ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বুধবার ক্লেয়ারফঁতেনের অনুশীলন ক্যাম্পে দলের অন্য খেলোয়াড়রা মাঠে অনুশীলন করলেও সেখানে দেখা যায়নি এমবাপেকে। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর প্রতিবেদন অনুযায়ী, এ সময় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে তার অনুপস্থিতির কারণ সম্পর্কে ফ্রান্স ফুটবল ফেডারেশন কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, এমবাপের নতুন করে চোট পাওয়ার কোনো তথ্য নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই মাঠের অনুশীলনের পরিবর্তে জিমে সময় কাটিয়েছেন তিনি। এ কারণে ইতালির বিপক্ষে তার খেলা নিয়ে আপাতত বড় কোনো শঙ্কা দেখছে না ফ্রান্স ফুটবল ফেডারেশন। তবে ম্যাচের আগে তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে তুরস্কের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েছিলেন এমবাপে। সেই চোটের কারণে ফ্রান্সের পরবর্তী তিনটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। এরপর দলে ফিরলেও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবারও অনুশীলনে অনুপস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ফরাসি শিবিরে।
বৃহস্পতিবার মিলানের সান সিরো স্টেডিয়ামে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। নেশনস লিগের গ্রুপ ‘এ১’-এ চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ফরাসিরা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালি। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে এমবাপেকে পাওয়া যাবে কি না, এখন সেটিই দেখার বিষয়।



























