সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ১৫ নভেম্বর ২০২৬

ম্যানইউর সঙ্গে চুক্তি নবায়ন করতে যে শর্ত ব্রুনোর

ম্যানইউর সঙ্গে চুক্তি নবায়ন করতে যে শর্ত ব্রুনোর
ছবিঃ সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখতে চান ব্রুনো ফার্নান্দেস। আর্জেন্টাইন কোচের কৌশল, সামর্থ্য এবং দলকে সাফল্যের পথে ফেরানোর সক্ষমতা সম্পর্কে নিশ্চিত না হয়ে নতুন চুক্তিতে সই করতে রাজি নন পর্তুগিজ এই মিডফিল্ডার। তাই আপাতত ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

ফার্নান্দেসের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান চুক্তির মেয়াদ আগামী মৌসুমের শেষ পর্যন্ত। তবে চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে ক্লাবটির হাতে। এরই মধ্যে ইউনাইটেডের পক্ষ থেকে দেওয়া দুটি নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

ক্লাবের সাম্প্রতিক পারফরম্যান্স এবং পরিচালনা পর্ষদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বেশ অসন্তুষ্ট ফার্নান্দেস। বিশেষ করে স্যার জিম র‍্যাটক্লিফ ও ইনিওসের অধীনে দলবদলের পরিকল্পনা নিয়ে তার মধ্যে হতাশা তৈরি হয়েছে। পচেত্তিনোকে যোগ্য কোচ হিসেবে বিবেচনা করলেও দলকে শক্তিশালী করতে তাকে পর্যাপ্ত সমর্থন দেওয়া হবে কি না, সেটি নিয়েই মূলত সংশয়ে রয়েছেন ইউনাইটেড অধিনায়ক।

প্রতিবেদনে বলা হয়েছে, গত গ্রীষ্মকালীন দলবদলে একজন লেফটব্যাকও দলে না নেওয়ার বিষয়টি খেলোয়াড়দের অসন্তোষ আরও বাড়িয়েছে। এ নিয়ে ড্রেসিংরুমের ফুটবলারদের সঙ্গে ক্লাবের নীতিনির্ধারকদের দূরত্ব তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে ফার্নান্দেসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে ইউনাইটেডের। ক্লাবটি সেই সুযোগ কাজে লাগালে আগামী জানুয়ারিতে বিদেশি ক্লাবগুলোর সঙ্গে প্রাক্‌-চুক্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাবে পর্তুগিজ মিডফিল্ডারের।

তবে তাকে দলে ভেড়ানোর আগ্রহ রয়েছে বেশ কয়েকটি বিদেশি ক্লাবের। সৌদি আরবের ক্লাবগুলোর পাশাপাশি তুরস্ক ও ইতালির কয়েকটি দলও ফার্নান্দেসকে পেতে নজর রাখছে বলে খবর প্রকাশিত হয়েছে। ফলে পচেত্তিনোর অধীনে ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্লাবের অবস্থান বুঝেই নিজের পরবর্তী সিদ্ধান্ত নিতে চান এই তারকা ফুটবলার।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়